ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
নিহত ইমদাদুল হক ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: নিহত ইমদাদুল হক ছবি: সংগৃহীত
ad728

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেটের পাশে বিএনপির কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার রাত সোয়া নয়টার দিকে দুর্বৃত্তরা ওই কার্যালয়ে গুলি ও বোমা নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি-র সাবেক সদস্য মামুন শেখ স্থানীয় কয়েকজন কর্মীকে নিয়ে কার্যালয়ে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা অফিসের সামনে এসে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে, ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আরও গুলি চালালে মামুন শেখসহ তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইমদাদুল হক বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের উদ্দেশ্যে ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ওসি খায়রুল বাসার জানান, মামুন শেখ প্রায়ই দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে আড্ডা দিতেন। ধারণা করা হচ্ছে, তাঁকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman

কমেন্ট বক্স