ঢাকা | বঙ্গাব্দ

১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2025 ইং
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
ad728

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কোনো শক্তিই এই নির্বাচন পেছাতে পারবে না।

শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, গণভোট বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। “যে সিদ্ধান্তই নেওয়া হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে,”— উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “বিভিন্ন দল তাদের মতামত দিচ্ছে, তবে আমরা এটাকে কোনো হুমকি হিসেবে দেখি না। যা দেশের জন্য উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।”

তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার মামলার শুনানির দিন নির্ধারণ করবে।

২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন। এখন নারীরা সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন।”

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মাইন্ডব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন ২০২৫’-এর আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।


নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman

কমেন্ট বক্স