অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতি যে আস্থা রেখেছিল, সরকার তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা পূরণ না করে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে।
জুলাই সনদকে কেন্দ্র করে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, দেশবাসী প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কিন্তু একটি মহল তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, প্রায় এক বছরের আলোচনার পর যে সমঝোতা হয়েছিল, তা সরকার রক্ষা করেনি। “রাজনৈতিক দলগুলো আস্থার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছেছিল, কিন্তু সেই আস্থা ভঙ্গ করা হয়েছে,”— মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিপক্ষে— এমন প্রচার চালানো হচ্ছে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে।
মির্জা ফখরুল বলেন, গণভোট নির্বাচনের আগে সম্ভব নয়। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের প্রতিও আহ্বান— জনগণের দাবি একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন; সেই দাবিতে যেন কেউ বাধা না দেয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নয়, বরং ঐকমত্য কমিশনের ভূমিকার কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে।
Mahfuzur Rahman