ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার রাজনীতিবিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
উপরে বাঁ দিক থেকে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, আখতার হোসাইন ও হুমায়ুন কবির ছবির ক্যাপশন: উপরে বাঁ দিক থেকে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, আখতার হোসাইন ও হুমায়ুন কবির
ad728

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চারজন রাজনীতিবিদ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সফরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সঙ্গে যাওয়া তালিকাভুক্ত রাজনীতিবিদরা হলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা ২১ সেপ্টেম্বর রাতে রওনা দেবেন এবং ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

তৌহিদ হোসেন বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনায় রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে যে মন্ত্রীসভার সদস্য ছাড়াও বিরোধী দলের নেতারা এবার দলের প্রতিনিধি হিসেবে যুক্ত থাকবেন। অতীতের মতো শুধুমাত্র ক্ষমতাসীন দলের নেতারা নয়, ক্ষমতায় না থাকা দলগুলোর প্রতিনিধিরাও এবার অংশ নিচ্ছেন—এটি পুরনো অনুশীলন থেকে ভিন্ন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, এবারের কাজসূচিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা অব্যাহত থাকবে। গতবার উচ্চপর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আহ্বান জানানো হয়েছিল—এবার তা নিয়ে বিস্তৃত আলোচনা হবে। জাতিসংঘ মহাসচিব ইতিমধ্যে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং আরও প্রতিনিধিরাও ঘটনাস্থলে গেছেন—এসব প্রেক্ষাপটে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ‘গণতন্ত্রে যাত্রা’ বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং এক বছরে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে; তরুণ সমাজের প্রত্যাশা প্রকাশ করা হবে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে করা এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের আন্তর্জাতিক সফরে কখনও কখনও নির্ধারিত কোনো বৈঠক যোগ হতে পারে, আবার বাতিলও হতে পারে—তাই একেবারেই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠক অনুষ্ঠিত হবে কি না। এছাড়া বিদেশ সফরে গেলে প্রতিনিধিদল সবসময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে—গত ঘটনার আলোকে লন্ডনে আগে থেকেই উপযুক্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল; তবে নিউইয়র্কে যে ধরনের সাধারণ জনগণ অংশগ্রহণ করে, তাতে বাধা দেওয়া কঠিন এবং স্থানীয় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman

কমেন্ট বক্স