খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্যদ্রব্যের ব্যবসার সব ধরনের লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে। ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া শুরু করেছে। এ কার্যক্রম বাংলাদেশেও চালুর তাগিদ দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
রোববার (৮ মার্চ) খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন
উর রশিদের সঙ্গে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদ সাক্ষাৎ করেন। এ সময় এসব বিষয়ে
আলোচনা হয়।
ওই বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত
ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দেশের
খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নে ও বাংলাদেশে আন্তর্জাতিক মানের খাদ্য পরীক্ষার ল্যাব প্রতিষ্ঠায়
ওই প্রকল্পে সহায়তা দিচ্ছে জাইকা।
বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের সক্ষমতা
বৃদ্ধি করবো এবং জাপানে বাজারে আমাদের ফুড আইটেমগুলো রপ্তানির জন্য উদ্যোগ নেওয়া হবে।
সে লক্ষ্যে আমরা কাজ করবো। আমরা যদি আমাদের ফুড সেফটি আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করতে
পারি তাহলে খাদ্য রপ্তানি আমাদের জন্য সহজ হবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের খাদ্য রপ্তানির
অনেক সুযোগ রয়েছে। বিশ্ববাজারে এসব খাদ্যের চাহিদাও আছে। এখন দরকার প্রয়োজনীয় উদ্যোগ।
আর সেই চেষ্টাই আমরা করবো। এজন্য আমাদের অনেক কাজ করতে হবে।
খাদ্যমন্ত্রী জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি
নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট সব
পর্যায়ে সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে সচেষ্ট
হওয়ার আহ্বান জানান। বৈঠকে জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
AMDADUL HOQUE BHUIA