
প্রায় নয় মাস বন্ধ থাকার পর আজ (১ নভেম্বর) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে এবার ভ্রমণকারীদের জন্য বেশ কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়েছে প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটকই দ্বীপে প্রবেশ করতে পারবেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানিয়েছেন, সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এবার থেকে কক্সবাজার শহর থেকেই পর্যটকবাহী জাহাজ দ্বীপের উদ্দেশে যাত্রা করবে—আগের মতো টেকনাফ থেকে নয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম জানিয়েছেন, ভ্রমণকারীদের অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে, যা না থাকলে সেটি অবৈধ হিসেবে গণ্য হবে।
দ্বীপের পরিবেশ সংরক্ষণ ও পর্যটন নিয়ন্ত্রণের অংশ হিসেবে সরকার এই পদক্ষেপ নিয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার তিন মাসের জন্য সীমিত পর্যটন কার্যক্রমের অনুমতি দেওয়া হলো।