
৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ ও শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভে অংশ নেওয়া প্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেও প্রতিশ্রুতির বাইরে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের।
চাকরিপ্রার্থীরা জানান, নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা ২০২৫ প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে তিন মাস আগে, তবে এখনো তা গেজেট আকারে প্রকাশিত হয়নি। দ্রুত ওই বিধিমালা প্রকাশ ও পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশের দাবি জানান তারা।
এর আগে, গত আগস্টে তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি পালন করেছিলেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে ছিল—নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৫ গেজেট আকারে প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ নন-ক্যাডার পদে পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ করা, এবং আগের মতো পদ বৃদ্ধি করে বেশি সংখ্যক প্রার্থী সুপারিশের প্রক্রিয়া চালু রাখা।
চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক জটিলতার কারণে বিধিমালা প্রকাশে বিলম্ব হচ্ছে। তারা বলেন, বিসিএস নন-ক্যাডার নিয়োগে স্বচ্ছতা ও দ্রুত বাস্তবায়নই তাদের প্রধান দাবি।