রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নুরুল হক নূরের সহধর্মিনী মারিয়া আক্তার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
নুরুল হক নূরের শারীরিক অবস্থার বিষয়ে মারিয়া আক্তার জানান, নূরের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদন্ডে আঘাত পেয়েছেন।
সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তাঁর স্ত্রী ।
এসময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
প্রফেসর ইউনুস বলেন, নূরের সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে । এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে।
এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্তকাজ সম্পন্ন করবে।