
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইনস্টাগ্রামে প্রকাশিত বার্তায় আরেকটি ট্রফি এনে দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে খেলোয়াড়দের লড়াই, মানসিকতা ও আত্মত্যাগকেই দলের সবচেয়ে বড় অর্জন হিসেবে তুলে ধরেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো দীর্ঘ বার্তা দেন স্কালোনি। ট্রফি না জিতলেও দল কী দেখানোর চেষ্টা করেছে, সেটিই মনে রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানান স্কালোনি। তিনি লেখেন, ‘আমি চাই, আপনারা এই খেলোয়াড়দের মনে রাখুন। এরা আমার যোদ্ধা। আমার স্ত্রীকে যখন তাদের কথা বলতাম, তখনও আমি এভাবেই তাদের পরিচয় দিতাম।’
এরপর একে একে তিনি দলের মানসিকতার কথা তুলে ধরেন, ‘পরিশ্রম, জয়ের ইচ্ছা, বিশ্বাস, ‘আমি পারব’ মানসিকতা, প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছেড়ে না দেওয়া, আর কিছু দেওয়ার না থাকলেও নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া, যারা আমাদের চেনে না তাদের কাছ থেকে আসা ঠান্ডা পানির ঝাপটা সহ্য করা, পা যখন আর মস্তিষ্কের নির্দেশ মানতে চায় না, তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা... এগুলোই আসল ট্রফি।’
চিঠির শেষ অংশে নিজের কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মী এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কালোনি। তিনি লেখেন, ‘আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফএর কর্মীরা এবং নেপথ্যে নীরবে কাজ করা প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আপনাদের সবার ভালোবাসার জন্যও ধন্যবাদ।’
বিশ্বকাপ ফাইনালের পর থেকেই স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। দায়িত্বে থাকা বা সরে যাওয়ার বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
তবে ইতালীয় ও লাতিন আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখতে আগ্রহী।