ঢাকা | বঙ্গাব্দ

শীতের আগমনে সবজির বাজারে স্বস্তি, কিছুটা কমেছে মুরগির দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2025 ইং
ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

শীতের আগমনী হাওয়ায় রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মুখে। সবজির দাম ক্রমান্বয়ে কমে আসছে, আর বিক্রেতারা বলছেন—শীত পুরোপুরি পড়লে দাম আরও কমবে।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কমেছে উল্লেখযোগ্য হারে। এদিকে মুরগির দামেও সামান্য পতন ঘটেছে, যদিও গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে আটার দামে কেজিতে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খোলা ও মোড়কজাত উভয় ধরনের আটার দাম বেড়েছে। দুই সপ্তাহ আগেও দুই কেজি মোড়কজাত আটা বিক্রি হতো ১০৫ থেকে ১১০ টাকায়, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ থেকে ১২০ টাকায়। খোলা আটা প্রতি কেজি ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হয়েছে।

সবজির মধ্যে আজকের বাজারে মুলা প্রতি কেজি ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৫০ টাকা, গাজর (দেশি) ৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা, ঝিঙা, ধন্দুল ও কচুর লতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়; পটল, ঢেঁড়স ও কচু ৪০ থেকে ৫০ টাকায়; আর ফুলকপি ও বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলু এখন কেজিতে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে।

পোলট্রির বাজারেও দেখা গেছে সামান্য দরপতন। ব্রয়লার মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। লেয়ার মুরগি ৩০০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দামও কিছুটা কমে এসেছে—বর্তমানে ৫৫০ থেকে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ৬০০ টাকা।

খিলক্ষেত বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা আম্মেদ ফিরোজ বলেন, “গত কয়েক মাস ধরে সবজির দাম অনেক বেশি ছিল। এখন কিছুটা কমেছে বলে স্বস্তি পাচ্ছি। আগের তুলনায় ৪০ থেকে ৬০ টাকায় বেশিরভাগ সবজি মিলছে।”

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রাফি বলেন, “সবজির দাম কমে আসায় ক্রেতাও বেড়েছে। শীত আসছে, তাই সবজির সরবরাহও বাড়ছে। শীত পুরোপুরি নামলে দাম আরও কমবে বলে আশা করছি।”

বাজার বিশ্লেষকরা বলছেন, শীতকালীন সবজির মৌসুম শুরু হওয়ায় সরবরাহ বাড়ছে, ফলে বাজারে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে। তবে আটা ও কিছু নিত্যপণ্যের দাম এখনও ঊর্ধ্বমুখী হওয়ায় সামগ্রিকভাবে বাজারে স্থায়ী স্বস্তি ফেরেনি।


নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman

কমেন্ট বক্স