ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2025 ইং
জামালপুরে তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার ছবির ক্যাপশন: জামালপুরে তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার
ad728
জামালপুর প্রতিনিধি জামালপুরে সাত বছর আগে তালাকপ্রাপ্ত স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে আবু বকর সিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অপহরণের ৯ ঘণ্টা পর পুলিশ সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে বন্যা খাতুন (২৬) নামের ওই নারীকে জীবিত উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকার মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, একটি মাইক্রোবাসে করে এসে আগে থেকে ওৎ পেতে থাকা আবু বকর ও তার সহযোগীরা পথরোধ করে বন্যা খাতুনকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সিসি টিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে আছে। বোরকা পরিহিত বন্যা খাতুন সাদা মাইক্রোবাসটি অতিক্রম করার সময় তার গতি রোধ করেন দুই ব্যক্তি। কথোপকথনের এক পর্যায়ে মাইক্রোবাস থেকে একজন দ্রুতগতিতে নেমে বন্যা খাতুনকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অপহৃত বন্যা খাতুন নান্দিনা এলাকার চান মিয়ার মেয়ে। তার সাবেক স্বামী আবু বকর সিদ্দিক সদর উপজেলার তুলশীচর এলাকার আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় বন্যার বাবা চান মিয়া (৫৫) বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে ওই নারীকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, অভিযান চালিয়ে অপহৃত নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Mahfuzur Rahman

কমেন্ট বক্স