ঢাকা | বঙ্গাব্দ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের যত সমীকরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
BD Team ছবির ক্যাপশন: BD Team
ad728

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেও যে সংস্করণে সবচেয়ে ভালো খেলত, সেই ওয়ানডেতেই এখন সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশের। সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই হার টাইগারদের। বাজে ফর্মের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। ১৯ বছরের মধ্যে বাংলাদেশ এখন আছে সর্বনিম্ন ১০ নম্বরে। তাতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়াটাও পড়েছে শঙ্কায়।

২০২৭ সালের ৩১ মার্চ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা নয়ে না থাকলে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। আর সেই বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি আটের বাইরে চলে যায় তাহলে থাকতে হবে সেরা আটে।

সরাসরি বিশ্বকাপে যাবে কিংবা আর কত ম্যাচ হারলে বাংলাদেশের বাছাইপর্ব খেলতে হবে  সেটি এখনই বলা মুশকিল। আগামী দেড় বছরে ওয়ানডেতে ব্যস্ত সময়ই কাটাবে বাংলাদেশ। আট সিরিজে  মোট ২৪টি ম্যাচ খেলবে টিম টাইগার।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ।  সেখানে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হারালে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নয়ে উঠে যাবে বাংলাদেশ ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশ আবার ওয়ানডে খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিটি সিরিজই তিন ম্যাচের। এর মধ্যে আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড, জুনে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ তিনটি দেশের বাইরে খেলবে বাংলাদেশ।

২০২৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ২০২৭ সালে মার্চ পর্যন্ত বাংলাদেশের আর ওয়ানডে নেই। তবে বিসিবি সূত্র জানিয়েছে, ওই সময়েও নতুন কোনো সিরিজ আয়োজন করা হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স