ঢাকা | বঙ্গাব্দ

দুই চিরশত্রু ভারত-পাকিস্তান আজ ফের মুখোমুখি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
India vs Pakistan asiacup ছবির ক্যাপশন: India vs Pakistan asiacup
ad728

এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের ম্যাচে দুবাইয়ে আজ দুই চিরশত্রু ভারত-পাকিস্তান ফের মুখোমুখি ।

 

রাজনীতি, কূটনীতি এবং প্রতীকী দূরত্ব সত্ত্বেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান একই টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে এক সপ্তাহে দ্বিতীয়বার। এবার টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোর পর্বে। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

 

গ্রুপপর্বে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। তবে ভারতের দাপুটে খেলার থেকে ওই ম্যাচে বেশি আলোচনা ছিল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না চাওয়া, যাতে জড়িয়ে পড়ে ম্যাচ রেফারির নামও।

 

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে ভারতীয় দলপতি সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেন। একজন ম্যাচ রেফারি এমন নির্দেশনা দিতে পারেন কিনা, তা নিয়ে জলঘোলা কম হয়নি।

যে দলের বিপক্ষে ম্যাচের পর এমন অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, সেই দলের বিপক্ষে আবারও মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান।

 

 পাকিস্তানের সামনে ভালো সুযোগ আছে গ্রুপপর্বে হারের প্রতিশোধ নেওয়ার। পাকিস্তান কি সেটি পারবে? কাগজে-কলমে পরিস্থিতি ভারতের পক্ষে। শক্তিশালী ব্যাটিং লাইন-আপ, বোলিং রিজার্ভ এবং সাম্প্রতিক ফর্ম ভারতকেই এগিয়ে রাখবে।

 

তবে পাকিস্তানেরও পক্ষে থাকছে কিছু জিনিস। কন্ডিশন উপযোগী পেস আক্রমণ, মানসিক চাপহীন অবস্থা এবং নিজেদের প্রমাণ করার তাগিদ। সবচেয়ে বড় কথা, পাকিস্তান দল বরাবরই আনপ্রেডিক্টেবল। প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারে যতই খারাপ ফর্মে থাকুক।

তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।


নিউজটি আপডেট করেছেন : Mahmudul Hasan

কমেন্ট বক্স