দুবাইয়ে সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে এশিয়া কাপের সুপার ফোরের শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করল বাংলাদেশ।গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার কল্যাণেই সুপার ফোরে উঠে টাইগাররা। সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কাকে হারিয়েই গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিলো বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। দাসুন সানাকা ৩৭ বলে অপরাজিত ৬৪, কুশল মেন্ডিস ৩৪, পাথুম নিসাঙ্কা ২২ এবং চারিথ আসালঙ্কা ২১ রান সংগ্রহ করেন। টাইগার বোলার মুস্তাফিজুর রহমান ৩টি, শেখ মেহেদী হাসান ২টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট শিকার করেন।
জবাবে দলীয় ১ রানে আউট হয়ে বাংলাদেশকে বিপদে ফেলে যান তানজিদ হাসান তামিম। কিন্তু সাইফ হাসানের ব্যাটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যদিও ১৬ বলে ২৩ রান করে লিটন দাস আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে টাইগাররা। কিন্তু সাইফ হাসান আর তাওহিদ হৃদয় মিলে নান্দনিক সব শটে দলকে জয়ের দিকে এগিয়ে নেন। গড়েন ৫৪ রানের জুটি।
৪৫ বলে ২ চার ও চার ছক্কায় ৬১ রান তুলে বাংলাদেশকে ভালো অবস্থানে রেখে যান সাইফ। এরপর রান-বলের দূরত্বের সঙ্গে পাল্লা দিয়ে দায়িত্বশীল ব্যাটিং করেন তাওহিদ হৃদয়। ৩৭ বলে চারটি চার এবং ২টি ছক্কায় হৃদয় ৫৮ রান করে আউট হন। ততক্ষণে জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশ জয় থেকে তখন দূরে ছিল মাত্র ১০ রানের। অবশ্য ম্যাচের শেষ দিকে তীরে এসে তরী ডুবার মতো অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশের।
শেষ ৪ বলে দরকার ১ রান, এমন অবস্থায় দু’টি উইকেট হারায় টাইগাররা। শেষ পর্যন্ত পঞ্চম বলে আসে জয়। আর সহজ ম্যাচ কঠিন করে জিতে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান।
বাংলাদেশ ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের পরের দুটি ম্যাচ খেলবে।