সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী ও ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে
অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র
সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ছাত্ররাজনীতি,
তৃণমূল সংগঠন এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় তরুণ নেতৃত্বের মধ্যে
লিলি ইতোমধ্যেই একটি সুপরিচিত ও গ্রহণযোগ্য নাম হয়ে উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতে
তার বলিষ্ঠ উপস্থিতি ও বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির
দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে দক্ষ সংগঠক ও নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর লিলি বলেন, ‘এটি
কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, আদর্শিক বিশ্বাস
এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।’
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা,
মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে আমি আরো সক্রিয়
ও দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই।’
গভীর শ্রদ্ধার সাথে বাবা-মাকে স্মরণ করে
তিনি বলেন, ‘তাদের ত্যাগ, ভালোবাসা ও দোয়ার কারণেই আমি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি।’
দলীয় সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
তিনি বলেন, ‘রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সহকর্মীদের সাহস, ত্যাগ ও অনুপ্রেরণাই
আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।’
আসন্ন সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার
ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে লিলি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, ‘দল ও জনগণের
আস্থা অর্জন করতে পারলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে
উঠে আসা নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের ছাত্ররাজনীতি এবং বর্তমানে মহিলা দলের
নেতৃত্বে সক্রিয় ভূমিকা—সব মিলিয়ে লিলি সংরক্ষিত নারী আসনের জন্য একজন শক্তিশালী ও
সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
AMDADUL HOQUE BHUIA